আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বুধবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে আয়োজিত এক নির্বাচনী প্রচারে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমার মতে, যারা তথ্য ফাঁস করে তাদের গুলি করা উচিত। আগেকার দিনে তো তথ্য ফাঁসকারীদের গুলিই করা হতো—যেমন ধরুন, কোনো দেশে কখন আক্রমণ চালানো হবে, সেই তথ্য ফাঁস করে দিলে তাদের গুলি করা হতো।’
ট্রাম্প সম্ভবত ‘অপারেশন মিডনাইট হ্যামারের’ প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেছেন। ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানে একটি আকস্মিক হামলা চালিয়েছিল।
ওই হামলার পর, বেশ কয়েকটি সংবাদমাধ্যম মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করে।
জনসমক্ষে প্রকাশিত না হওয়া প্রতিবেদনে উল্লেখ ছিল, যুক্তরাষ্ট্র যেসব স্থানে বোমা হামলা চালিয়েছিল, সেখান থেকে ইরান তাদের কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ট্রাম্পের দাবির তুলনায় অনেক কম।
তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মার্কিন হামলার সময়সূচিও ফাঁস হওয়া তথ্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে সামরিক সদস্যদের বিপদে ফেলার অভিযোগ আনেন এবং বিশেষ করে নিউইয়র্ক টাইমস ও সিএনএনের উল্লেখ করেন।



