দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্যসচিব সৈয়দ আহসান টিটুর অনুমোদনে চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মামুন মজুমদারকে সহসাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছিল।

ফেসবুক পোস্টে মামুন মজুমদার জানান, তিনি রাজনৈতিকভাবে সচেতন থাকলেও দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের বিভিন্ন সংকটময় সময়ে দায়বদ্ধতা থেকে দলটির কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন।

তিনি আরও লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা কমিটি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের পর সেখানে নিজের নাম দেখতে পান।

এ সময় তার নিজস্ব মতামত ছাড়াই কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে কাজ করা আত্মীয়স্বজন ও বন্ধুদের শুভকামনা জানান মামুন মজুমদার।

পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, ‘কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন, কমিটিতে থাকবেন না। এরপরও ভুলবশত তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন।

তবে জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলেও জানান তিনি।

এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, ‘মামুন মজুমদার লিখিত কোনও পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্ট তারা দেখেছেন। এরই মধ্যে উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।’

সৈয়দ আহসান টিটু আরও বলেন, ‘তাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন।’

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top