মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত, জড়িতদের খুঁজছে পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে তিন রাস্তা মোড়সংলগ্ন ময়ূর ভিলার কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের পাটালি ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে হামলার এ ঘটনা ঘটে।

থানা পুলিশ বলছে, গত কয়েকদিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় গ্রুপ এলাকায় নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছে।

আগের দিন (বুধবার) রায়েরবাজারে পাটালি গ্রুপের হামলায় একজন আহত হওয়ার জের ধরে নতুন সংঘাতের ঘটনা ঘটে।

সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, গুলিবিদ্ধ সুমন আলী পাটালি গ্রুপের সদস্য। তার ছেলে ফাহিম চাপাতির কোপে আহত হয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের আরশিনগর এলাকার রাজ বারবার জোন সেলুনে চুল কাটানোর সময় ফরহাদ নামে একজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

পুলিশ বলছে, ফরহাদও পাটালি গ্রুপের সদস্য ছিলেন। নিহত ফরহাদের ভগ্নিপতি গুলিবিদ্ধ সুমন।

পুলিশ কর্মকর্তা মামুন আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ দুই গ্রুপের মধ্যে প্রায়ই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিনে এসব গ্রুপের অন্তত অর্ধশত সদস্যকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু তারা জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন।

সবশেষ এ হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top