যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আকাশে ভোরের আলো ফোটার আগে দেখা গেল এক মনোমুগ্ধকর দৃশ্য। স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বিশাল, উজ্জ্বল ‘জেলিফিশ ক্লাউড’ বা জেলিফিশের মতো মেঘ। জ্বালানি থেকে নির্গত গ্যাস থেকে বরফে পরিণত হওয়া কণায় সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এই আলোকচ্ছটার সৃষ্টি হয়।
গত মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন-৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মালামাল বহন করছিল।
সূর্যোদয়ের ৪৮ মিনিট আগে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এ সময় সূর্যের আলো বায়ুমণ্ডলের ওপরের স্তরে ছড়িয়ে থাকা বরফকণায় প্রতিফলিত হয়ে তৈরি করে বর্ণিল দৃশ্য। ভোর ও সন্ধ্যায় রকেট উৎক্ষেপণের সময়ই সাধারণত পৃথিবী থেকে এ ধরনের দৃশ্য সবচেয়ে স্পষ্ট দেখা যায়।আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে রকেটটির উত্তর-পূর্বমুখী গতিপথের কারণে জর্জিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বাসিন্দারাও এই দৃশ্য উপভোগ করেন।
স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলিফিশ ক্লাউডের ছবি প্রকাশ করে নাসা। পোস্টটির জবাবে বিভিন্ন রাজ্যের আকাশ পর্যবেক্ষকেরাও নিজেদের তোলা ছবি শেয়ার করেন। যারা মঙ্গলবারের এই দৃশ্য দেখতে পারেননি, তাদের জন্য রয়েছে আরেকটি সুযোগ। আগামী সোমবার (১৯ অক্টোবর) একই স্টেশনের একই উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরেকটি স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। স্যাটেলাইট স্থাপনের এ অভিযানের জন্য এক ঘণ্টার উৎক্ষেপণ সময়সীমা শুরু হবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে। সেদিন সূর্যোদয়ের সময় সকাল ৭টা ১ মিনিট। ফলে সূর্য ওঠার আগেই আবারও আকাশে এমন আলোকচ্ছটা দেখা যেতে পারে।
গার্ডিয়ানের প্রতিবেদন




