লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) ও শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত এসব অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ১০০ বোতল, ফেয়ারডিল সিরাপ ২৫২ বোতল, ইয়াবা ট্যাবলেট ১ হাজার ৭০৬ পিস, টাপেন্টাডল ট্যাবলেট ৯৯ পিস এবং বাইসাইকেলের বিবি সেট ১০ পিস জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, OPERATION NARCOTICS STRIKE অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িরহাট, বনচৌকি, বালারহাট ও গংগারহাট বিওপির আওতাধীন লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রপুর, আমঝোল, চওড়াটারী ও কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পৃথক তল্লাশিতে এসব মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।




