পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা করলেন ছাত্রদল নেতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন মো. মহসিন ভূঁইয়া নামে এক নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মহসিন ভূঁইয়া উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান, গত ১৭ বছর ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছেন। তবে নতুন কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

মহসিনের অভিযোগ, আন্দোলন-সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা না রাখা ব্যক্তিরা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। অন্যদিকে দলের দুঃসময়ে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন।ভিডিওতে তিনি বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের অবমূল্যায়ন না করার আহ্বান জানান।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী বলেন, স্থানীয় সংসদ সদস্যের চাওয়ার ভিত্তিতে কমিটিটি গঠন করা হয়েছে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা অনুমোদন দিয়েছেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top