খুলনার কয়রার লোকালয় থেকে সাড়ে ১১ ফুট দৈর্ঘ্য ও প্রায় ১২ কেজি ওজনের একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে উদ্ধারকৃত অজগরটি নিরাপদে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা আবু বকরের বাড়ির আঙিনার একটি গাছে সাপটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে বিষয়টি এলাকায় জানাজানি হলে বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় গ্রামবাসী, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি টহল দলের (সিপিজি) সদস্যদের সহায়তায় সফল অভিযান চালিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের নির্দেশে উদ্ধারকৃত অজগরটি কাশিয়াবাদ স্টেশনের কাছে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলাম জানান, সুন্দরবনের বন্যপ্রাণী খাদ্যের সন্ধানে কিংবা ভুলবশত লোকালয়ে চলে এলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হচ্ছে। বন্যপ্রাণী কোনোভাবে পিটিয়ে বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে অবহিত করলে সেগুলোকে নিরাপদে উদ্ধার করে আবারও তাদের প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া সম্ভব। বন্যপ্রাণী ও সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় তিনি স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।




