জিয়ানগরে সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া প্রায় ২০ কেজি মাছ ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রশিদকে আটক করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে বড়শি দিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ কেজি মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে একই দিন রাতে মাছগুলো ককশিটে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে মাছসহ আটক করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ সদস্যরা এসে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখেন।
পরে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন মাছগুলো নিলামে তুললে স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন ১ হাজার ৫ শত টাকায় কিনে নেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর বলেন, “আমি ট্রেনিংয়ে আছি। এ ব্যাপারে খোঁজ নিতে হবে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, “খাদ্য কর্মকর্তা অবশ্যই অন্যায় করেছেন। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং মাছগুলো নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মোবাইল নং ০১৭১৪২৩৩৮০৫

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top