স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর ভূয়সী প্রশংসা করেছেন আওয়ামী লীগ নেতা দিলীপ বাড়ৈ। তিনি বলেছেন, দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি।
কিন্তু কোনো পূজায় দলের কোনো বড় নেতা, এমপি বা মন্ত্রী এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। আপনিই একজন এমপি হিসেবে প্রথম আমাদের এখানে আসলেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ ও আনন্দিত। শনিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এস এম জিলানী তার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি, কুশলা, হিরন, পিঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এর অংশ হিসেবে তিনি এদিন সন্ধ্যায় কুশলা ইউনিয়নের মান্দ্রা গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ বাড়ৈর বাড়ির দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে এস এম জিলানীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দিলীপ বাড়ৈ মন্দিরের উন্নয়নসহ এলাকার কিছু উন্নয়ন করার দাবি জানান। তার এই দাবি পূরণ করা হবে বলে এস এম জিলানী প্রতিশ্রুতি দেন।
এর আগে এস এম জিলানী উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমাকে ভোট দিলে আমি আপনাদের ছেড়ে যাব না।
আপনারা আপনাদের কথা রেখেছেন, আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। এখন আমার ঋণ পরিশোধের পালা।’ তিনি আরো বলেন, ‘আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। যেকোনো মূল্যে অত্র অঞ্চলের সম্প্রীতি বজায় রাখব।
আপনারা নির্ভয়ে দুর্গা উৎসব পালন করুন। আমি আপনাদের পাশে আছি। আগামীতেও পাশে থেকে এই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির একটি আবাসভূমিতে পরিণত করব।’ এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্যসচিব মাসুদ তালুকদারসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।




