সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আলোচিত গরু চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি মো. লিটন শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এর আগে গতকাল রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশসহ আশপাশের বিভিন্ন এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি দল আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি লিটন শেখকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গরু চুরির সঙ্গে জড়িত চক্র ও তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




