দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, রাজস্ব আয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা জোরদারে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্য সংকটের কারণে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বেড়ে অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অনেককে দৈনন্দিন ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙতে হচ্ছে, ঋণ নিতে হচ্ছে।
তিনি বলেন, অর্থনীতির দুর্বলতার প্রভাব পড়েছে বিনিয়োগের ক্ষেত্রেও। বেড়েছে বেকারত্ব। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনী ইশতেহারে সরকারের সংস্কার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম লক্ষ্য।
রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে ড. তিতুমীর বলেন, পতিত সরকারের সময়ে রাজস্ব আয় তলানিতে পৌঁছেছিল। সরকার করের হার না বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে চায়। পাশাপাশি মূল্যস্ফীতির চাপে থাকা মানুষকে সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যাতে মূল্যস্ফীতির কারণে দারিদ্র্যসীমার নিচে চলে না যায়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
আইএমএফের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। তার দাবি, আইএমএফের তথ্যের একটি মৌলিক দিক এড়িয়ে যাওয়া হচ্ছে। সংস্কার না করা হলে প্রবৃদ্ধি কম হবে—এ বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



