মাদারীপুরের কালকিনিতি চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে জামাল আকন (৫৮) নামে এক কৃষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকায় স্থানীয় দলবলে নাম দিতে না চাওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে সূত্রে জানা গেছে। আহত জামাল আকন উপজেলার সাহেবরামপুর এলাকার উত্তর আন্ডারচর গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, কৃষক জামাল আকন একই এলাকার অসুস্থ্য গ্রাম চৌকিদার শহিদুলকে নিয়ে চিকিৎসার জন্য বরিশালে গিয়েছিলেন মঙ্গলবার দুপুরে। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে চৌকিদার শহিদুলের সঙ্গে জামাল আকন বাড়ি ফেরেন।
পথিমধ্যে ওই এলাকার হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্তরা মিলে জামাল আকনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম শেষে জামাল আকনের দুই পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয় জানতে চাইলে আহত জামাল আকনের সঙ্গে থাকা গ্রাম চৌকিদার শহিদুল বলেন, আমি কিছু জানিনা আর কিছু বলতে পারব না। আহত জামাল আকনের মেয়ে লিমা অভিযোগ করে বলেন, আমার বাবার সঙ্গে যা ঘটেছে এসব ঘটনার নায়ক হচ্ছে চৌকিদার শহিদুল। কারণ আমার বাবার সঙ্গে রাতে চৌকিদার শহিদুল ছিল। আমার বাবা বাশগাড়ী সুমন চেয়ারম্যানের সঙ্গে দল না করার কারণে তার পা কেটে দিয়েছে চেয়ারম্যানের লোকজন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, রগকাটার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।



