বেতাগীতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের সাত ঘণ্টার অভিযান, জাল-নৌকাসহ আটক ২

বরগুনার বেতাগীতে মা ইলিশ সংরক্ষণে বিষখালী নদীতে টানা সাত ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আনুমানিক ১ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় নৌকাসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পূজার ছুটির মধ্যেও মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ তৎপরতা অব্যাহত ছিল।

অভিযান চলাকালে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “যাঁরা মাছ ধরেন, তাঁরা যদি এই ২০ থেকে ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকেন, তাহলে ইলিশের উৎপাদন বাড়বে। এতে জেলেরাই বেশি মাছ ধরতে পারবেন। অন্যথায় তাঁদের পেশা পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে।”

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা বন্ধ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিষখালী নদীতে নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top