নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), উপজেলা যুবলীগের সহসভাপতি ও লালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২), লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) এবং উপজেলা যুবলীগের কর্মী মো. হাফিজুর রহমান (৩৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লালপুর থানায় ২০২৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় একটি মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার চারজনকে আসামি হিসেবে দেখানো হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।




