নওগাঁ সদরে প্রায় ৫ কোটি টাকায় চার গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

নওগাঁ সদরে প্রায় ৫ কোটি টাকায় চার গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে চারটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পৃথকভাবে সড়কগুলোর উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এসব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৩৩৫ মিটার। এসব সড়কের উন্নয়ন ও সংস্কারকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ১৭ টাকা।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, প্রথম সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৪৫০ মিটার। এর উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা। ভূতুলিয়া থেকে মাকনা কোমলগোটা পর্যন্ত ১ হাজার ৩৫ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা।
এ ছাড়া ভবানীনগর ব্রিজ থেকে নামা কুজাগাড়ী পর্যন্ত ১ হাজার মিটার সড়ক নির্মাণে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা এবং ভীমপুর বাজার থেকে সোনারপাড়া পর্যন্ত ৮৫০ মিটার সড়ক সংস্কার ও উন্নয়নে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা ব্যয় ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top