ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করে পরীক্ষার পর আদালতে সোপর্দ করা হলে এ দণ্ড দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চলতি মাসে এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের ডোপ টেস্টের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষায় সবার ফল পজিটিভ আসার পর তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ নম্বর ক্রম অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের জুয়েল মণ্ডল (৩৫), বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯), মাহিন ইসলাম (২০) ও ইমন মির্জা (২৮) এবং ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাস (২০)।
আদালতের আদেশ অনুযায়ী, জুয়েল মণ্ডলকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সম্রাট মির্জাকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, মাহিন ইসলাম ও ইমন মির্জাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং সম্রাট বিশ্বাসকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, জেলা পুলিশের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসে পরিচালিত অভিযানে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ার পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




