ইতালিতে ভুয়া ভিসার মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে রাজধানীতে সিআইডির হাতে গ্রেফতার হয়েছে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতের নাম মিলন মিয়া (৪২)। তিনি ফরিদপুর জেলার সালতা থানার ইসুবদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বরের ছেলে। গত ১৫ সেপ্টেম্বর রাতে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মিলনের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলা নং-০৮, তারিখ ০২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে পেনাল কোডের ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় এজাহার দায়ের রয়েছে।
সিআইডি জানায়, প্রতারক চক্রটি ইতালিতে পাঠানোর নাম করে শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। প্রকৃত ভিসার বদলে তাদের হাতে ধরিয়ে দেওয়া হতো ভুয়া ভিসা। অনেক ক্ষেত্রে পাসপোর্ট আটকে রেখে ভুক্তভোগীদের জিম্মি করে হয়রানি করতো তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া প্রতারণার কথা স্বীকার করেছে। তিনি জানান, ফরিদপুরের এক ভিক্টিমের সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি হয়েছিল, যার মধ্যে সাত লাখ টাকা অগ্রিম নেয়া হয়। মিলনের দাবি, তিনি মূলত বিভিন্ন এলাকা থেকে বিদেশে যেতে ইচ্ছুক মানুষ সংগ্রহ করতেন এবং চক্রের মূল হোতা ছিলেন ইতালি ও লিবিয়াতে অবস্থানরত জোসনা বেগম ও মাহবুব।
সিআইডি সূত্রে জানা যায়, ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এই চক্রের সক্রিয় নেটওয়ার্ক রয়েছে।
গ্রেফতারকৃত মিলনকে আদালতে সোপর্দ ও রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত সদস্যদের সনাক্ত ও গ্রেফতারে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত আছে।
