খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেছেন, ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখা, ভুয়া তথ্য মোকাবিলা এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন,
“চাকরি চলে যাওয়ার ঝুঁকি থাকলেও আমরা নিরপেক্ষ থাকব—এই মানসিকতা নিয়েই নির্বাচন পরিচালনা করছি। খুলনায় যোগদানের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল। তবে প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সমন্বিত প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতি অনেকটাই সহনশীল পর্যায়ে এসেছে।”
তিনি জানান, অবৈধ কর্মকাণ্ড বন্ধে নানা পর্যায় থেকে চাপ এলেও প্রশাসন কোনো নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেয়নি। পরিবেশগত ছাড়পত্র না থাকায় কোনো ইটভাটার লাইসেন্স নবায়ন করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, একইভাবে অবৈধ যানবাহন ও বালুমহল নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
খুলনার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচন পরিস্থিতিকে এখন পর্যন্ত ‘আইডিয়াল’ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন,
“এখানকার প্রার্থীরা, এমনকি হেভিওয়েট প্রার্থীরাও অত্যন্ত কো-অপারেটিভ। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।”
তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে এবং অন্যান্য জেলার তুলনায় খুলনায় অভিযোগের সংখ্যা তুলনামূলকভাবে কম।
সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যা দিয়ে তিনি বলেন,
“আপনারা অনিয়ম তুলে ধরেন বলেই আমরা অনেক বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি।”
তবে নির্বাচনকালীন সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য ছড়ানোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,
“দিনকে রাত বানিয়ে দেওয়া হচ্ছে—এটা খুবই ভয়ংকর। ফ্যাক্ট চেকিং এখন সবচেয়ে জরুরি।”
পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজের সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
দুই দিনব্যাপী এই কর্মশালা সোমবার (১৯ জানুয়ারি) শেষ হওয়ার কথা রয়েছে। খুলনা সার্কিট হাউজে আয়োজিত এ কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
