সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী “সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫”। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ মেলায় একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ইলেক্ট্রনিকস, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তি সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার সেরা ব্র্যান্ডসমূহের পণ্য ও সেবা।

বৃহস্পতিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব জনাব মাহবুবুর রহমান। আয়োজনে ছিল সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই); সহযোগিতায় এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, “আমি আশাকরি দক্ষিণ এশিয়ার দেশসমূহের এই মিলনমেলা আমাদের আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।” তিনি আরও জানান, বিশ্বের অন্যান্য অর্থনৈতিক জোট প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা সম্প্রসারণে কাজ করছে, দক্ষিণ এশিয়াকেও এ পথে অগ্রসর হতে হবে।

ইপিবি’র ভাইস চেয়ারম্যান জনাব হাসান আরিফ প্রস্তাব দেন, দ্বিপাক্ষিক উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিকভাবে দুবাইয়ের মতো বড় শহরগুলোতেও এ ধরনের মেলা আয়োজন করা উচিত।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, “বিশ্ব বাণিজ্য দ্রুত পরিবর্তন হচ্ছে। আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের আরও সাংগঠনিকভাবে কাজ করতে হবে।” তিনি দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় সম্পদ, কাঁচামাল ও জনশক্তির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

সার্ক সেক্রেটারিয়েটের অর্থনীতি, বাণিজ্য ও ফাইন্যান্স বিষয়ক পরিচালক জনাব ভাবেশ আর ত্রিভাদি বলেন, দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে পারস্পরিক নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি বাড়াতে হবে।

এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর বলেন, “বাণিজ্য বাধা দূর ও সেতুবন্ধন তৈরির মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লক হিসেবে গড়ে তোলা সম্ভব।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতা, কূটনীতিক এবং সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।