আপত্তি-সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জমজমাট নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠিত

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও নানা আলোচনা-সমালোচনার পর সমঝোতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা।
সোমবার সকাল ১১টায় কলেজের মূল ভবনের সামনে নবীনবরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবীনবরণ পর্ব শেষে বিকেল ৩টার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসের মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ব্যান্ড হাইওয়ের পাশাপাশি স্থানীয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান ঘিরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
কনসার্ট উপভোগ করতে আসা দর্শনার্থী বাপ্পু ভূইয়া বলেন, ‘নবীনবরণ অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরে নানা ধরনের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি। সুন্দর ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠান শেষ হয়েছে। কনসার্টেও কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। মিটিং শেষ করে কথা বলছি।’
এর আগে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়।
পরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হস্তক্ষেপে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা হয়। সমঝোতার পর কলেজের দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সম্মতি জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অশ্লীলতা বা বিশৃঙ্খলা হবে না—এমন শর্তের কথাও জানানো হয়।
কলেজ ছাএ দলের সাধারণ সম্পাদক নাঈম মোল্লা বলেন তারা এ অনুষ্ঠান সুষ্ঠু এবং সফল ভাবে করতে পেরে কলেজ ছাএদল আনন্দিত।
শেষ পর্যন্ত ওই সমঝোতার ভিত্তিতেই সোমবার অনুষ্ঠিত হয় নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top