‎কয়রায় অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা

‎খুলনার কয়রায় অভিবাসী জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎​সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম’ (ওকাপ)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
‎​ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী।
‎​ওকাপের প্রোগ্রাম ম্যানেজার অমিতা গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসান, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মো. সুজাউদ্দৌলা, ওকাপের নির্বাহী পরিচালক মো. ওমর ফারুক চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) আমেনা খানম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, ওকাপের কয়রা ফিল্ড অফিসার রথিন্দ্র কোচ, ফিল্ড অর্গানাইজার মো. আজিজুল হক, সিএনআরএস-এর প্রতিনিধি মো. নুরুজ্জামান, জেজেএস-এর প্রতিনিধি শরিফুর রহমান এবং স্টেকহোল্ডার চঞ্চল মণ্ডলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
‎​সভায় বক্তারা বলেন, অভিবাসী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসনসংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ, প্রতারণা প্রতিরোধ এবং বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
‎​বক্তারা আরও বলেন, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনঃএকীভূত করতে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
‎​সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা অভিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান নানা সমস্যা চিহ্নিত করেন এবং তাদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন