গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল: রিমান্ড শেষে ২৪ আসামি কারাগারে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ড শেষে ২৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় ১৫ আসামির পক্ষে করা জামিন আবেদনও নাকচ করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আজ রোববার আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন ১০ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদনগুলো নামঞ্জুর করে ২৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ আসামির পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আদালতে শুনানি করেন। তবে আদালত আবেদনগুলো নাকচ করে ২৪ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম), মুন্না মিয়া, সামিন ইয়াছির (সাদাফ), রাতুল, এইচ এম জাকারিয়া রহমান ওমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোহরাব, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।

এর আগে গত ১২ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এ মামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ উদ্যোগ নিলে মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top