কক্সবাজারের ঈদগাঁওয়ে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরার জেরে অনলাইন নিউজ পোর্টাল ‘ঈদগাঁও টিভি’-র প্রধান সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলাটি করেছেন মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী।
মামলার আসামিপক্ষের দাবি, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ এই ব্যক্তি নিজের নানা অপকর্ম ও বিগত দিনের রাজনৈতিক অবস্থান নিয়ে সংবাদ প্রকাশের আক্রোশ থেকেই ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এই সাজানো মামলা দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, এতে মোট আটজনকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিপক্ষের দাবি করা সাংবাদিক ও রাজনৈতিক পরিচয়সহ তালিকাভুক্ত ব্যক্তিরা হলেন—মাহমুদুল করিম, আবদুর রহমান আজাদ, নুরুল আবছার, মো. গিয়াস উদ্দিন জাহান, সাহাব মাহবুব (সাহাব উদ্দীন), এ টি এম আমান উল্লাহ, মো. মোরশেদ খান ও জহির উদ্দিন।
এদিকে, এই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়েছে।




