কালীগঞ্জে জমি বিরোধে কৃষক হত্যা: ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় বাবা ও ছেলেকে পৃথক মেয়াদে সাজা দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামি ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ইউনুচ আলী পাটোয়ারীর বয়স ৫৬ বছর। বাবা-ছেলে দুজনই কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুচ আলী পাটোয়ারী ও তার ছেলে আল-আমিন পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
পরে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মাত্র সাত কার্যদিবসে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। শুনানি শেষে আদালত আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। নিহত নায়েব আলীর পরিবারের সদস্যরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top