নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ও শনিবার ভোরে পৃথক অভিযানে পাঁচটি গোয়ালঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে প্রচার চালানো হয়। এরই মধ্যে ময়মনসিংহের গৌরীপুর থেকে কয়েকজন এসে সাতটি গরু নিজেদের বলে শনাক্ত করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।











