জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মামলা তদন্তে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।
গত ৩০ জুন পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মোঃ রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা তদন্তে তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে অতিরিক্ত আইজিপি বলেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিটি মামলার তদন্ত নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তদন্ত দ্রুত শেষ করে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিটি অভিযানে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী এ মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জ পর্যায়ের কর্মকর্তারা এবং দ্বিতীয় দিনে পুলিশের বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় চলতি বছরের মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।












