ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘একমুখী চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম— প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে তার মূল্য দিতে হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে তিনি আরও লেখেন, ‘বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।’
পোস্টের সঙ্গে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদের ছবিও যুক্ত করেন গালিবাফ। এতে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি উল্লেখ রয়েছে।
ওই অংশে ‘ইসলামিক রিপাবলিক অব ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে’ বাক্যটি বিশেষভাবে হাইলাইট করা ছিল।
উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সেখানে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধের জের ধরেই সর্বশেষ সংঘাত ও পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে।
এদিকে, ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে টানা তিনবারের মতো হামলা চালাল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তেহরান।











