বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে প্রতিমন্ত্রী ও এমপিদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হওয়া বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সংবর্ধনা ক্রেস্ট প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের ছিলিমপুরে অবস্থিত হোটেল নাজ গার্ডেনের সান্তালিনা বলরুমে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জেলার সকল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান। তা আমরা আমাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা দেখেই বুঝতে পারি। বগুড়ার উন্নয়ন বঞ্চনা শেষ হবে। আমরা সকল সংসদ সদস্য মিলে বগুড়ার উন্নয়নে এক হয়ে কাজ করব। বগুড়া-৬ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেই উপনির্বাচনে আমরা বাদশা ভাইকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করব। তাঁকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। অনেক দিন পর বগুড়ায় মন্ত্রী দেখা হয়েছে। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমরা বগুড়ার ব্যাপক উন্নয়ন করতে চাই। আমাদের সকল সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে পুরো জেলায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ আরও যা কিছু প্রয়োজন তা আমরা করব ইনশাআল্লাহ।
সংবর্ধনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা এবং জয়নাল আবেদীন চাঁন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ও এমপিদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন জেলা বিএনপির সভাপতি।












