বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক আহত হয়েছেন। সংঘর্ষের ধাক্কায় ট্রাক দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে রহমতপুর কামিনী পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং একটি ট্রাকের চালক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।
খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরানোর পদক্ষেপ নেন।











