ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আবাসিক এলপিজি গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভর্তি বা ‘ক্রস ফিলিং’ করার দায়ে একটি ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুহিলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ‘রাসা ইন্টারন্যাশনাল’ নামক একটি ফিলিং স্টেশনে সরকারি নিয়ম অমান্য করে এবং নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল করা হচ্ছে।
ক্রস ফিলিংয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চৌধুরী মাহবুবুল আলমকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার কোনো ফিলিং স্টেশন বা অনুমোদনহীন পাম্প থেকে রিফিল করা অত্যন্ত বিপজ্জনক। একে কারিগরি ভাষায় ‘ক্রস ফিলিং’ বলা হয়। এর ফলে সিলিন্ডারের ধারণক্ষমতা ও চাপের ভারসাম্য নষ্ট হয়ে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, যা বড় ধরনের প্রাণহানি বা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।












