সাম্প্রতিক
পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২৫ মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা

রাজধানীতে পারিবারিক কলহের জের ধরে মায়ের কোল থেকে ছিনিয়ে রাফা মনি ওরফে কবিতা নামে ৭ মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। ওই ঘটনার পরপরই অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির মা লিমা আক্তার জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তুরাগের ওই বস্তিতে থাকেন। নিহত রাফা মনি ছিলেন তাদের একমাত্র সন্তান। তার বাবা কবির হোসেন পেশায় রিকশাচালক।

লিমা আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় স্বামী কবির হোসেনের সঙ্গে তার ঝগড়াঝাঁটি হয়। ওই সময় ঝগড়ার একপর্যায়ে লিমার কোল থেকে রাফা মনিকে ছিনিয়ে নেন কবির। এর পরপরই ৭ মাস বয়সী রাফাকে মাটিতে আছড়ে ফেলে দেন। পরে দ্রুত আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বুধবার মধ্যরাতে শিশু রাফা মনিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সবশেষ বৃহস্পতিবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

লিমা আক্তারের অভিযোগ, তার স্বামী কবির হোসেন নিয়মিত কাজ করতেন না। মাঝে-মধ্যে নেশাও করতেন। এসব বিষয় নিয়ে প্রায়ই তাদের সাংসারিক ঝামেলা চলতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই শিশুটির বাবা রিকশাচালক কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে আছাড় মারে তার বাবা কবির হোসেন। তিনি মাদকাসক্ত। এ ঘটনায় একটি হত্যা মামলার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :