রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের নতুননগর বাজার–বহরপুর সড়কের পাশে অবস্থিত একটি ঝুঁকিপূর্ণ সরকারি রেইনট্রি (কড়ই) গাছ দ্রুত অপসারণের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ সাকিব মল্লিক।
আবেদনে তিনি উল্লেখ করেন, সড়কের পাশে থাকা সরকারি গাছটি দীর্ঘদিনের পুরাতন। গাছটির একটি বড় অংশ শুকিয়ে গেছে এবং সেটি হেলে পড়ায় বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক ঝড়ো আবহাওয়ায় গাছটির বেশ কয়েকটি বড় ডাল ভেঙে পড়েছে, ফলে পুরো গাছটি উপড়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।
আবেদনে আরও বলা হয়, গাছটির নিচ দিয়েই বৈদ্যুতিক সংযোগ লাইন রয়েছে। এছাড়া প্রতিদিন এই সড়ক দিয়ে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যেকোনো সময় গাছটি ভেঙে পড়লে প্রাণহানি, বিদ্যুৎ বিভ্রাট এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা জনস্বার্থে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে আবেদনকারী মোঃ সাকিব মল্লিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্ত্বের সাথে তদন্ত করে দেখা হবে। যদি গাছটি জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয় তাহলে সংশ্লিষ্ট বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জননিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”











