“সারাদেশে একযোগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজিপুরে কেবলমাত্র বিএনপিই নয়,আওয়ামী লীগের ভোটার জনগণও একযোগে ভোট দিয়েই আমাকে নির্বাচিত করেছেন”। বিশেষ করে সংখ্যা লঘুদের(হিন্দুদের) একটি ভোটও ধানের শীষ প্রতীকের বাইরে যায়নি।
বরং আমাদের বিএনপি দলীয় কিছু নেতাকর্মির অসদাচারণের জন্যেই ধানেরশীষের ভোট কমে গেছে। এমপি হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই
আমি কাজিপুরের কেবলমাত্র বিএনপির নেতা নই, আমি কাজিপুরের সবার নেতা। আমি সবাইকে সাথে নিয়েই সকলের সহযোগিতায় কাজিপুরের উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেবো ইনশা আল্লাহ।
আমি এই মঞ্চে উপবিষ্ট আপনাদের সকলের দোয়া ও সহায়তা কামনা করছি।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা শিক্ষকদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা আরও বলেন, “ আমি জনগণের এমপি, তাই কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে আমাকে ফুল ছিটানোর কোনো দরকার নেই। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এসময় প্রধান অতিথি কাজিপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।
আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের
অধ্যক্ষ মহসিন রেজার সভাপতিত্বে চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়, চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের উদ্যোগে
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ফুলের তোরা এবং ক্রেস্ট দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজাকে বরণ করে নেন। এসময় সকল প্রতিষ্ঠান প্রধানগণকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপি সেলিম রেজা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সেলিম রেজার পিতা ও কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বার বার নির্বাচিত সভাপতি জননেতা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানুল মোবারক উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।












