দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্প্রতি এক অনুষ্ঠানে এই বার্তা নিশ্চিত করেছেন।
২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করার পর জবিতে এখন পর্যন্ত মাত্র একটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের ১১ জানুয়ারি পুরান ঢাকার ধূপখোলা মাঠে জবি-র ইতিহাস গড়া প্রথম সমাবর্তন আয়োজন করা হয়। ওই সমাবর্তনে অংশ নিয়েছিলেন ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষের (১ম থেকে ৭ম ব্যাচ) শিক্ষার্থীরা। একই সঙ্গে সান্ধ্যকালীন প্রোগ্রাম ও এমফিল-পিএইচডি ডিগ্রিধারীসহ প্রায় ১৯, হাজার শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত সনদ হাতে পেয়েছিলেন।
দীর্ঘ দিন পর আয়োজিত হতে যাওয়া এই দ্বিতীয় সমাবর্তনে মূলত পরবর্তী ব্যাচগুলোর শিক্ষার্থীদের সুযোগ দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অষ্টম ব্যাচ (২০১২-১৩ সেশন) থেকে শুরু করে পরবর্তী বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নেবেন। তবে ঠিক কততম ব্যাচ বা সেশন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন, তা রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর পুরোপুরি পরিষ্কার হবে।
প্রথম সমাবর্তনের পর দীর্ঘ বিরতি চলায় শিক্ষার্থীদের মনে জমেছিল ক্ষোভ ও আক্ষেপ। নতুন উপাচার্যের এই ঘোষণায় উচ্ছ্বসিত জবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সময়সূচি এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।




