নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য শনিবার সকালে নিজের ভ্যান চালিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় যান এমদাদুল হক। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কালিকাপুর বাজার এলাকায় পেছন দিক থেকে আসা একটি দ্রতগতির সিএনজিচালিত অটোরিকশা তার ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক অটোরিকশা ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন