আদমদীঘিতে মুক্তিযোদ্ধা সংসদের ঘর ভেঙে বাগানে যাওয়ার রাস্তা তৈরির অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে শান্ত মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে নসরতপুর পশ্চিম বাজারে মুক্তিযোদ্ধা সংসদের একটি ঘর ভেঙে জায়গা দখল করে বাগানে চলাচলের রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) বিকালে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই অভিযোগপত্রে নসরতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মকছেদ আলীসহ ৫১ জন স্থানীয় বাসিন্দা স্বাক্ষর করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাতের আঁধারে উপজেলার নসরতপুর ইউপির ডুমুরিগ্রামের বাসিন্দা শান্ত মন্ডল কিছু লোকজনকে সঙ্গে নিয়ে নসরতপুর মুক্তিযোদ্ধা সংসদের ঘরটি ভেঙে ফেলেন। পরে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দীর্ঘ জায়গা দখল করে নিজের বাগানে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করেছেন। ঘর ভাঙার বিষয়ে জানতে শান্ত মন্ডলকে মৌখিকভাবে জিজ্ঞাসা করা হলে তিনি স্থানীয়দের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনের নজরে আনতে লিখিত অভিযোগ দিতে বাধ্য হন। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মকছেদ আলী অভিযোগ করে বলেন, ‘কতিপয় বিএনপির লোকজনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘর ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। এ কাজে নেতৃত্ব দেন নসরতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান আলী বাবু। বীর মুক্তিযোদ্ধাদের ঘর ভাঙার মতো ন্যক্কারজনক ঘটনায় স্থানিয়দের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে নসরতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান আলী বাবু বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
নসরতপুরের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে সমন্বয় করেই ঘরটি ভেঙে শান্ত তার বাগানে যাওয়ার রাস্তা তৈরি করেছেন। তবে এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোনো টাকা লেনদেন হয়নি। টাকা লেনদেন হলে বিএনপির লোকজনের সঙ্গে হয়ে থাকতে পারে।’
এ বিষয়ে শান্ত মন্ডল বলেন, মুক্তিযোদ্ধা সংসদের ঘরের পূর্ব পাশের দেওয়াল হেলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ওই সংসদের সদস্যদের সাথে কথা বলে সেটি অপসারণ করে নতুন করে ওয়াল নির্মাণ করে দিয়েছি। তাদের সঙ্গে আমি সমন্বয় করেই কাজটি করেছি।
আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন