ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আইএইএ বলছে, ইরান তাদের জানিয়েছে যে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনাটি ঘটে।
এক বিবৃতিতে আইএইএ জানিয়েছে, এতে বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি। সেখানকার কর্মীদের মধ্যে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে দেশটি।
রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের প্রধান আলেকসেই লিখাচেভ বিবৃতিতে বলেন, এই হামলার ‘কঠোর নিন্দা’ জানাচ্ছে রোসাটম। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পারমাণবিক কেন্দ্রের আশপাশের উত্তেজনা কমানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সহায়তায় নির্মিত এই স্থাপনার আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। কোনো কর্মী আহত হননি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী যৌথ অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানিসহ প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন।
সূত্র: স্ট্রেইটস টাইমস












