এভারেস্ট জয়ের দ্বারপ্রান্তে সাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা, সহযোগিতার আহ্বান
বান্দরবান প্রতিনিধি : প্রাইম তঞ্চঙ্গ্যা
বাংলাদেশের সাইক্লিং অঙ্গনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা নিয়ে এভারেস্ট জয়ের অভিযানে এগিয়ে চলেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ি তরুণ বীর কুমার তঞ্চঙ্গ্যা। বাংলাদেশের প্রথম সাইক্লিস্ট হিসেবে এভারেস্ট জয়ের লক্ষ্যে তাঁর এই যাত্রা এখন শেষ পর্যায়ে। বাকি রয়েছে আর মাত্র একটি পর্বতজয়। তবে আর্থিক সংকটের কারণে তাঁর স্বপ্ন পূরণের পথে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযানের অবশিষ্ট পর্বতজয়, প্রয়োজনীয় গাইডলাইন এবং দেশে ফিরে আসা পর্যন্ত আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকার প্রয়োজন। এর মধ্যে তাঁর হাতে বর্তমানে রয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ফলে পুরো অভিযান সম্পন্ন করতে আরও ৪০ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রয়োজন।
বীর কুমার তঞ্চঙ্গ্যার এই অভিযান কেবল ব্যক্তিগত স্বপ্ন পূরণের বিষয় নয়; বরং এটি বাংলাদেশের সাইক্লিং অঙ্গন এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্যও গর্বের একটি সম্ভাবনা। দুর্গম পাহাড়ি জনপদ থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে নিজের সক্ষমতা তুলে ধরার তাঁর এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
বিশেষ করে জুম্ম আদিবাসী জনগোষ্ঠীর একজন তরুণের এমন উদ্যোগ বিশ্বদরবারে পার্বত্য চট্টগ্রামের মানুষের পরিচিতি, সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে। তাঁর অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং নতুন প্রজন্মের তরুণদেরও স্বপ্ন দেখতে এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে।
এ অবস্থায় বীর কুমার তঞ্চঙ্গ্যার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়াপ্রেমী এবং দেশ-বিদেশে অবস্থানরত জুম্ম জনগোষ্ঠীর মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সামর্থ্য অনুযায়ী ছোট-বড় সহযোগিতার সম্মিলিত উদ্যোগই পারে তাঁর স্বপ্ন পূরণের পথকে আরও সহজ করতে। একজন তরুণের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে এখন প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা।
বীর কুমার তঞ্চঙ্গ্যার এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ হোক—এই প্রত্যাশায় তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের।




