এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২৪ আগস্ট) গভীর রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তমাল সরকার ধানগড়া এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান তমালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের জন্য জায়গা নির্ধারণসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে ওই রাতেই রায়গঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, প্রধান আসামি তমাল সরকারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজকেই তমাল সরকারকে আদালতে হাজির করা হবে।
এর আগে মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর চার আসামি বর্তমানে আগাম জামিনে রয়েছেন। অন্য আসামিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনাটি তদন্তে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে। বিভিন্ন এলাকায় বিক্ষোভও অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য আয়নুল হক অভিযোগ করে বলেন, নির্বাচনে পরাজিত একটি রাজনৈতিক পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর গাড়িবহরে হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের দেখেছেন দাবি করে বলেন, হামলায় তাঁর গাড়ির পেছনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইভ বক্তব্যে তিনি দাবি করেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন