কচুয়া-ডুমুরিয়া-কালোচো সড়ক দখলে ‘সুরমা সুপার’, ভাঙছে সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি’

কচুয়া উপজেলা সদর থেকে ডুমুরিয়া-কালোচো পর্যন্ত প্রধান সড়কের দুই পাশ এখন ‘সুরমা সুপার’ পরিবহনের অঘোষিত বাস টার্মিনালে পরিণত হয়েছে। দিনের পর দিন সড়কের ওপর বাস পার্কিং করে রাখার কারণে সড়কটির বেহাল দশা চরমে পৌঁছেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারী বাসের চাপে সড়কের সাইড ভেঙে পড়ছে, সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল।

যানজট + দুর্ঘটনার ফাঁদ’
নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সড়কে তীব্র যানজট লেগে থাকে। একদিকে সরু সড়ক, অন্যদিকে দুই পাশে সারি সারি বাস। ফলে পথচারী ও যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা বলছেন, যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বর্ষায় ভেঙে পড়ার আশঙ্কা’
এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশে দীর্ঘক্ষণ বাস দাঁড়িয়ে থাকার কারণে মাটি নরম হয়ে সাইডগুলো ধসে পড়ছে। সামনে বর্ষা মৌসুম। বৃষ্টি শুরু হলে সড়কের ভাঙা অংশগুলো আরও নিচে নেমে যাবে এবং মূল সড়কও ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে।

প্রশাসন কী করছে?
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“রোডস এন্ড হাইওয়ে ও কচুয়ার প্রশাসন কি এগুলো চোখে দেখে না? প্রতিদিন যানজট আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।”

এলাকাবাসীর দাবি: ভুক্তভোগী এলাকাবাসী, চালক ও পথচারীরা অতি দ্রুত এই অবৈধ বাস পার্কিং সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন। তারা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে সড়কটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন