কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংস্কার শুরু

কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংস্কার শুরু
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজের উদ্বোধন, উপকৃত হবেন দুই ইউনিয়নের মানুষ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ কাজ বাস্তবায়িত হলে উপজেলার জালালপুর ও লোহাজুরি ইউনিয়নের মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কটিয়াদী হেডকোয়ার্টার থেকে পিরিজপুর জিসি হয়ে অড়িয়াধর বাজার পর্যন্ত সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়িত হচ্ছে। এলজিইডির দরপত্রসংক্রান্ত তথ্যে দেখা যায়, সড়কটির প্রথম ৫ দশমিক ৬ কিলোমিটার এবং পরবর্তী ৩ দশমিক ৪ কিলোমিটার অংশে বিটুমিনাস কার্পেটিং (বিসি) ও রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) পদ্ধতিতে রক্ষণাবেক্ষণের পরিকল্পনা রয়েছে। সড়কটির সরকারি রোড আইডি ৩৪৮৪৫২০০৭।
এলজিইডির দরপত্রে প্রকল্পটি ‘সাইক্লোন আম্পান অ্যান্ড ফ্লাড ড্যামেজ রুরাল ইনফ্রাস্ট্রাকচার রিহ্যাবিলিটেশন প্রজেক্ট’-এর আওতায় অন্তর্ভুক্ত রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর এ কাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সড়কটি কটিয়াদী উপজেলা সদর থেকে জালালপুর ও লোহাজুরি ইউনিয়নের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সড়কটি উন্নত হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহনে সময় ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিঞা, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইহতেশামুল হক, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, শেখ জসিম উদ্দিন মেনু, শরাফ উদ্দিন লস্কর ও আতিকুর রহমান আতিক; কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম; উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্যসচিব রফিকুল ইসলাম সেতুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top