জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা জনাব নাসীরুদ্দীন পাটোয়ারী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে এভাবে অভিহিত করার বক্তব্য শুধু রাজনৈতিকভাবে বিতর্কিতই নয়, বরং এটি জাতীয় নাগরিক পার্টির ঘোষিত রাজনৈতিক অবস্থানের সঙ্গেও সাংঘর্ষিক কি না—সে প্রশ্নও সামনে এনেছে।
নাসীরুদ্দীন পাটোয়ারীর এই বক্তব্যের ভাষা ও রাজনৈতিক তাৎপর্য গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। কারণ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থকগোষ্ঠীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা, পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দাবি করার মতো বক্তব্য সামনে এসেছে।
এমন পরিস্থিতিতে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তৈরি করে—এটি কি কেবল ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য, নাকি জাতীয় নাগরিক পার্টির কোনো আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন?
বিশেষ করে, জাতীয় নাগরিক পার্টির একাধিক সংসদ সদস্য যখন বর্তমান সংসদে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোর মধ্যে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তখন দলেরই একজন কেন্দ্রীয় নেতার এমন বক্তব্যের সঙ্গে দলের সামগ্রিক অবস্থানের সামঞ্জস্য কোথায়—তা স্পষ্ট করা প্রয়োজন।
একজন নাগরিক হিসেবে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামের একজন কর্মী হিসেবে আমি নির্বাচিত প্রধানমন্ত্রীকে ‘কথিত’ বলে অভিহিত করার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ। সরকারের সমালোচনা করার অধিকার প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে। কিন্তু রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে ‘কথিত’ বলে আখ্যায়িত করার মতো বক্তব্যের রাজনৈতিক ও সাংবিধানিক অবস্থান কী—তা জনগণের সামনে স্পষ্ট হওয়া জরুরি।
অতএব, জাতীয় নাগরিক পার্টির কাছে জোরালো আহ্বান—নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যটি ব্যক্তিগত মতামত, নাকি দলের আনুষ্ঠানিক অবস্থান, তা স্পষ্ট করুন। একই সঙ্গে দলের সংসদীয় অবস্থান এবং কেন্দ্রীয় নেতার এই বক্তব্যের মধ্যে কোনো সাংঘর্ষিকতা থাকলে সে বিষয়েও জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিন।
গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান দ্ব্যর্থহীন হওয়া প্রয়োজন। জনগণও জানতে চায়—‘কথিত প্রধানমন্ত্রী’ মন্তব্যটি কি নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত বক্তব্য, নাকি এর পেছনে জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক অবস্থান রয়েছে?




