করতোয়া নদীতে নৌকা বাইচে দুই দলের সংঘর্ষ, অন্তত ২৫ বাইচাল আহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় দুটি নৌকার মধ্যে সংঘর্ষের জেরে রক্তক্ষয়ী হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সোনতলা এলাকার করতোয়া নদীতে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এতে উভয় নৌকার অন্তত ২৫ জন বাইচাল আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিযোগিতা চলাকালে সোনতলা গ্রামের ‘সোনাবাজু একতা এক্সপ্রেস’ এবং বংকিরাট গ্রামের ‘নবশক্তি ফাইটার’ নৌকা দুটির মধ্যে আচমকা ধাক্কা লাগে। এতে দুই নৌকার বাইচালদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উত্তেজনার এক পর্যায়ে তা তীব্র সংঘর্ষে রূপ নেয় এবং বাইচালরা হাতের বৈঠা দিয়েই একে অপরের ওপর চড়াও হন। সংঘর্ষের তীব্রতায় একটি নৌকা নদীতে ডুবে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার দর্শক সমবেত হয়ে উৎসবে মেতে উঠেছিলেন। তবে হঠাৎ এই সংঘর্ষ ও হট্টগোলের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রতিযোগিতার শেষ মুহূর্তে নৌকা দুটির মধ্যে সংঘর্ষের সূচনা হয়। হাতাহাতিতে কয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।



