ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে ৫ বাংলাদেশির নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আজ বুধবার ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যমের খবর সূত্রে জানা গেছে। এ খবর জানার সঙ্গে সঙ্গেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।
উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, তাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়াও অগ্নিকাণ্ডে আহত ৬ বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ইতিমধ্যেই উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলেই বাংলাদেশি নাগরিক।




