নওগাঁর মহাদেবপুরে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার। বৃক্ষরোপণ শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। এ সময় শ্রেণিকক্ষ, খেলার মাঠ এবং আশপাশের পরিবেশ ময়লা-আবদমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ মানসিক বিকাশের পূর্বশর্ত।” তিনি মহাদেবপুর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরিশেষে বিদ্যালয়ের ভবিষ্যৎ সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ কামনা করে কর্মসূচি শেষ হয়।



