কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : অবৈধ জাল জব্দ ও ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) বিকালে এ অভিযানে নদী থেকে প্রায় সাড়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নদীপথে অভিযানের সময় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা দেয় নৌ-পুলিশ।
মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে উপজেলা মৎস্য দপ্তর কঁচা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। কঁচা নদী কাউখালীর অন্যতম প্রধান ইলিশ প্রজনন ক্ষেত্র। এ সময় অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে জাল ফেলতে না পারেন, সে জন্য সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top