জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:১২-১১-২৬
গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন পশ্চিম টোল প্লাজায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় মোটর সাইকেলে বিশেষভাবে সংরক্ষিত ৫০ বোতল নিষিদ্ধ ইস্কাফ জব্দ করে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদক, মোটর সাইকেলসহ ওই কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি রাজু ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ইস্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটর সাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



