২২ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের এলজিডি অফিসের পাশে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশের দ্বিতীয় ফটকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ায় সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের শুরু করা হয়েছে।
এ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আল মামুন হোসেন মন্ডল, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে গরুর মাংসের দাম রাখতে এবং অসাধু ব্যবসায়ীরা যেন অতিরিক্ত দাম বৃদ্ধি করতে না পারে, সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশাবাদী করেন, এই কার্যক্রম জনগণের জন্য কিছুটা হলেও সুফল বয়ে আনবে।
কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল বলেন, বর্তমানে বাজারে গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা অনেকের নাগালের বাইরে। তাই রমজান মাসজুড়ে সরকারি উদ্যোগে প্রতি কেজি ৬৫০ টাকা দরে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। তবে তারা দাবি করেন, এই বিক্রয় কেন্দ্রটি শুধু একদিন নয়, সপ্তাহে অন্তত দুই দিন চালু রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।












