রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গভীর রাতে একটি পান বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বরজ মালিকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের বাসিন্দা প্রণব কুমার পাল জানান, সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে তার ৩৩ শতক জমিতে গড়ে তোলা দেশীয় জাতের পান বরজে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, পুরো বরজটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত প্রণব কুমার পাল বলেন, “এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।”
তিনি আরও অভিযোগ করেন, তার পান বরজের আশপাশে স্থানীয় কিছু যুবক নিয়মিত মাদক সেবন করে থাকে, যা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।












