প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পা রাখল প্রতিষ্ঠার ৬০ বছরে। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় দীর্ঘ ছয় দশকে দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি যেমন অর্জন করেছে গৌরবময় ইতিহাস, তেমনি বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা, সম্প্রসারিত হয়েছে বিভাগ ও ইনস্টিটিউট। তবে ছয় দশকের এই পথচলায় আবাসন, পরিবহন, গবেষণা, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার মতো নানা সংকটও রয়ে গেছে। হীরকজয়ন্তীর এই সময়ে তাই শিক্ষার্থীদের প্রত্যাশা—অতীতের অর্জনকে ধারণ করে ভবিষ্যতের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ।
গৌরবময় ইতিহাস ও অর্জন
১৯৬৬ সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২ হাজার ৩১২ দশমিক ৩২ একর আয়তনের এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে। শিক্ষকসংখ্যা ১ হাজার ১০-এর বেশি এবং শিক্ষার্থী প্রায় ২৫ হাজার।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন ও সংগ্রামেও বিশ্ববিদ্যালয়টির রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিবারের ১৬ জন সদস্য শহীদ হন। তাঁদের মধ্যে ছিলেন একজন শিক্ষক, ১২ জন শিক্ষার্থী ও তিনজন কর্মচারী। ১৯৭১ সালের ১৩ এপ্রিল শহীদ হন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আবদুর রব। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ হোসেন বীর প্রতীক খেতাব অর্জন করেন।
২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফারহাদ হোসেন নিহত হন।
বিশ্ববিদ্যালয়টির সঙ্গে জড়িয়ে আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম। তিনি ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এখানে অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করেছেন। এ ছাড়া প্রখ্যাত পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মতো গুণী ব্যক্তিত্বের কর্ম ও অবদান বিশ্ববিদ্যালয়টির ইতিহাসকে সমৃদ্ধ করেছে।
শাটল ট্রেন: পরিচয়ের অংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য শাটল ট্রেন। শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে এটি বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এই ট্রেনে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। ট্রেনের কামরায় গান, আড্ডা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন বিশ্ববিদ্যালয়জীবনের বিশেষ অভিজ্ঞতা তৈরি করেছে।
তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শাটল ট্রেনের ওপর চাপও বেড়েছে। আসনসংকট, ভিড় এবং যাতায়াতের নানা ভোগান্তি শিক্ষার্থীদের নিয়মিত অভিজ্ঞতার অংশ। ফলে শাটল ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বাড়ানো হীরকজয়ন্তীতে শিক্ষার্থীদের অন্যতম প্রত্যাশা।
আবাসন সংকট বড় চ্যালেঞ্জ
বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সমস্যা আবাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৪টি আবাসিক হলের মধ্যে নয়টি ছাত্রদের এবং পাঁচটি ছাত্রীদের জন্য। বিপুলসংখ্যক শিক্ষার্থীর তুলনায় আবাসন সুবিধা সীমিত হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশে কিংবা দূরবর্তী এলাকায় বাসা ভাড়া করে থাকতে হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৬ হাজার ৫০০ শিক্ষার্থী থাকলেও আবাসিক সুবিধা পান মাত্র ২১ থেকে ২৬ শতাংশ শিক্ষার্থী। বাকিদের বড় একটি অংশকে ক্যাম্পাসের আশপাশে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে থাকতে হয়। তাঁর মতে, নতুন হল নির্মাণের পাশাপাশি আবাসন সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আবাসনসংকটের কারণে শিক্ষার্থীদের বাড়তি অর্থ ব্যয় করতে হয়। একই সঙ্গে পড়াশোনার পরিবেশ ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা, হীরকজয়ন্তী উপলক্ষে আবাসন সংকট নিরসনে দৃশ্যমান পরিকল্পনা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গবেষণা ও কর্মমুখী শিক্ষার প্রত্যাশা
উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিসর আরও বাড়ানো হবে। গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, অর্থায়ন এবং আধুনিক অবকাঠামো নিশ্চিত করার দাবি তাঁদের।
পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মনি সরকার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও ঐতিহ্য তাঁকে গর্বিত করে। তবে আবাসন, গবেষণা ও কর্মজীবনের সুযোগ বাড়ানোর পাশাপাশি এসব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান তিনি।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুন্নবী মাহি মনে করেন, হীরকজয়ন্তী শুধু উদ্যাপনের আয়োজন হওয়া উচিত নয়; বরং বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের অর্জন ও সীমাবদ্ধতা মূল্যায়নের উপলক্ষ হওয়া প্রয়োজন। তাঁর মতে, মানসম্মত শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ প্রদান নয়, শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য দক্ষ করে তোলাও।
গণতান্ত্রিক চর্চা ও প্রশাসনিক সংস্কার
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষার্থীদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দেয়।
হীরকজয়ন্তীর সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
ঐতিহ্য ও জ্ঞানচর্চার সমৃদ্ধ ভান্ডার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে প্রায় সাড়ে তিন লাখ বই, ৪০ হাজার বাঁধাই করা সাময়িকী এবং বিভিন্ন দুর্লভ পাণ্ডুলিপি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় জাদুঘরও দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের জাদুঘরগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখছে।
২০২৬ সালের ১৪ মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৩ হাজার গ্র্যাজুয়েট অংশ নেন। সমাবর্তনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান প্রয়োগমুখী ও জনকল্যাণমূলক গবেষণার ওপর গুরুত্ব দেন।
হীরকজয়ন্তী হোক আত্মসমালোচনা ও ভবিষ্যৎ নির্মাণের উপলক্ষ
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইশা চৌধুরী শেহনাজ মনে করেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কেবল অতীতের অর্জনের গল্প নয়; এটি স্বপ্ন, চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার ধারাবাহিকতা। তাঁর মতে, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু তার ইতিহাস কিংবা অবকাঠামো দিয়ে পরিমাপ করা যায় না; বর্তমান শিক্ষার্থীরা সেখানে কতটা নিরাপদ, স্বাধীন ও মানসম্মত শিক্ষার পরিবেশ পাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
তিনি আবাসন, নিরাপত্তা, গবেষণা, মুক্তচিন্তা ও মেধার বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁর প্রত্যাশা, হীরকজয়ন্তী শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা চিহ্নিত করে ভবিষ্যৎ নির্মাণের উপলক্ষ হয়ে উঠবে।
ছয় দশকের পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্জন করেছে গৌরবময় ইতিহাস, তৈরি করেছে অসংখ্য শিক্ষার্থী ও গুণী ব্যক্তিত্ব। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার মান, গবেষণা, আবাসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নও জরুরি হয়ে উঠেছে। হীরকজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে শিক্ষার্থীদের প্রত্যাশা—অতীতের গৌরবের পাশাপাশি বর্তমান সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাহলেই ৬০ বছরের এই অর্জন ভবিষ্যতের জন্য হয়ে উঠবে নতুন সম্ভাবনার ভিত্তি।



